পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই বলে মনে করছে পর্যবেক্ষকরা। উভয় দেশই সেনাচৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে সেনা হত্যার অভিযোগ তুলেছে।
আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার (১১ অক্টোবর) রাতে তাদের বাহিনীর প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কাবুল ও পাকতিয়া প্রদেশে বিস্ফোরণের দুদিন পর এই হামলা চালানো হয়। আফগান পক্ষের দাবি, ওই বিস্ফোরণের জন্য পাকিস্তান দায়ী।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সেনা নিহত হলেও পাল্টা অভিযানে ২০০ তালেবান যোদ্ধাকে হত্যা করা হয়েছে। ইসলামাবাদ আফগান বাহিনীর হামলাকে ‘বিনা উসকানির গুলি’ বলে দাবি করেছে।
১৯৯৬ সালে তালেবান প্রথমবার আফগানিস্তানে ক্ষমতায় এলে পাকিস্তান ছিল তাদের প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি। তবে ২০২১ সালে তালেবানের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর দুই দেশের সম্পর্কে শীতলতা নেমে আসে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের আশ্রয় দিচ্ছে—যা কাবুল অস্বীকার করে আসছে।
নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিআরএএস-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে টিটিপির হামলায় পাকিস্তানে অন্তত ২ হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৫৪৬।
সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে কাবুল ও পাকতিয়া প্রদেশে বিস্ফোরণ থেকে। আফগানিস্তান দাবি করে, এসব হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তার মতে, লক্ষ্য ছিল টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ, যদিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আফগান বাহিনীর হামলার নিন্দা জানিয়ে বলেন, “আফগানিস্তান রক্ত নিয়ে খেলা করছে।” অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, ভবিষ্যতে পাকিস্তান যদি এমন হামলা চালায়, তবে আরও কঠোর জবাব দেওয়া হবে।
সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান, কাতার ও সৌদি আরব। কূটনৈতিক মহল বলছে, টিটিপি ইস্যুতে সমাধান না হলে সীমান্তে অস্থিরতা আরও বাড়বে।




