হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির প্রত্যাশায় তেলআবিবে লাখো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ, তিনি বলেন, “বন্দিরা ঘরে ফিরছে।” এছাড়া গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। সমাবেশে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেড কুশনারও বক্তব্য দেন।
রবিবার প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই দিনে প্রায় ৫ লাখ মানুষ উত্তর গাজায় ফিরে গেছেন, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর এলাকা ধ্বংসস্তূপে পরিণত।
মিশর সোমবার একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে, যেখানে যুদ্ধবিরতি চূড়ান্ত করা হবে। মিশরের প্রেসিডেন্টের দপ্তর জানায়, অন্তত ২০ জন বিশ্বনেতা সম্মেলনে অংশ নেবেন, যার মধ্যে ট্রাম্পও রয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার মিশর সফরে অংশ নেবেন।
ট্রাম্প সোমবার ইসরায়েল সফর করবেন এবং এরপর মিশরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি অনুযায়ী, হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে—সোমবার দুপুর ১২টার (স্থানীয় সময়) মধ্যে—তাদের হাতে থাকা ৪৮ জন বন্দিকে মুক্তি দিতে হবে। এদের মধ্যে ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।
হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, বন্দি বিনিময় সোমবার সকালে শুরু হবে এবং এ বিষয়ে নতুন কোনো পরিবর্তন নেই। তবে মাঠ পর্যায়ের হামাস যোদ্ধারা এখনও নেতৃত্বকে হস্তান্তরের বিস্তারিত জানায়নি।
তেলআবিবে ৭ অক্টোবরের হামলায় পরিবারের সদস্যদের হারানো আভিভ হাভরন বলেন, “তাদের ফিরে আসা আমাদের জীবনের জন্য অপরিহার্য। এটা ছাড়া আমরা নতুন করে শুরু করতে পারছি না।” তিনি বলেন, তার দুই বোন ও দুই ভগ্নিপতি নিহত, এবং সাতজন আত্মীয়কে অপহরণ করা হয়েছিল। বেয়েরি সম্প্রদায়ের চারজনের মৃতদেহ এখনো গাজায়।
তেলআবিবের সমাবেশে অংশ নেওয়া শুলামিত ও ডেভিড গিনাত বলেন, সব বন্দিকে জীবিত উদ্ধার করা জরুরি। শুলামিত বলেন, “ওরা আমাদের ভাইবোন। আমরা আবার সেরে উঠতে চাই, যুদ্ধ থামাতে চাই, যন্ত্রণা থামাতে চাই।” অনেকে “ধন্যবাদ, ট্রাম্প!” বলে চিৎকার করেন।
গাজায় স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর হামাস হাজার হাজার যোদ্ধাকে ডেকেছে এলাকায় নিয়ন্ত্রণ পুনর্গঠনের জন্য। যুদ্ধ-পরবর্তী শাসন নিয়ে অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কা রয়েছে।
অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরলেও অনেকেই গিয়ে দেখছেন তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গাজা সিটির আইনজীবী মোসা আলদাউস বলেন, “আর কোনো ঘর নেই। সব শেষ।” ৫২ বছর বয়সী রাজা সালমি বলেন, “আমি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুই নেই। সব স্মৃতি এখন ধুলায় মিশে গেছে।”
চুক্তি অনুযায়ী গাজায় সহায়তা সরবরাহ বাড়ানোর কথা থাকলেও, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, এখনো প্রতিদিন মাত্র ২–৩টি ট্রাক প্রবেশ করছে। পুরো প্রবেশাধিকার পেলে ১৪৫টি বিতরণকেন্দ্রের মাধ্যমে স্বাভাবিক খাদ্য বিতরণ পুনরায় শুরু হবে।




