বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সেনা প্রত্যাহারে স্বস্তির নিঃশ্বাস, ঘরে ফিরছে গাজার বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করার পর গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যেতে শুরু করেছে। একই সঙ্গে ঘরে ফেরার আশা নিয়ে বাস্তুচ্যুত গাজাবাসীরাও নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকটি ব্রিগেড ও ডিভিশনকে গাজার কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে নুসেইরাত আশ্রয়শিবির থেকে অনেক ফিলিস্তিনি পরিবার উত্তরমুখী যাত্রা শুরু করেছে। তবে তারা এখনও নেতজারিম করিডরে প্রবেশ করতে পারেনি, যেখানে ইসরায়েলি সেনারা দীর্ঘদিন অবরোধ করে রেখেছিল।

স্থানীয় সময় ভোর থেকে গাজার আকাশে ইসরায়েলি ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সকালবেলা যেসব স্থানে মানুষ বাড়ি ফেরার জন্য জড়ো হয়েছিল, সেখানে হামলার খবর পাওয়া গেছে।

আল-আহলি হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে অন্তত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গাজার সিভিল ডিফেন্স বিভাগ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনিদের সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় এখনো অবস্থান করছে, সেখানে কাউকে না যেতে। তারা বলেছে, আনুষ্ঠানিক প্রত্যাহারের ঘোষণা না পাওয়া পর্যন্ত গাজা সিটির সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মিসরের শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন দিনের পরোক্ষ আলোচনার পর বৃহস্পতিবার যুদ্ধবিরতি ও বন্দি-বিনিময় চুক্তিতে সমঝোতা হয়।

ইসরায়েলি সরকার শুক্রবার ভোরে ওই চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের অনুমোদন দেয়। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে “ইয়েলো লাইন” পর্যন্ত সরে যাবে, হামলা বন্ধ করে মানবিক সহায়তার পথ খুলে দেবে, এবং হামাস ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত দেবে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ২৭০ জন দণ্ডপ্রাপ্ত এবং বাকিরা বিনা বিচারে আটক।

এ ছাড়া ইসরায়েল গাজার ৩৬০ জন যোদ্ধার মরদেহ ফেরত দেবে বলে জানা গেছে। বন্দি ও জিম্মি বিনিময়ের মধ্যেই গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী শতাধিক ট্রাক প্রবেশের কথা রয়েছে, যা গাজার লাখো বাস্তুচ্যুত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।