ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি নৌবাহিনীর আক্রমণের মুখে পড়েছে। এতে ফ্লোটিলার প্রায় সব নৌযান আটক করা হয়েছে এবং অন্তত ৪৪৩ জন অধিকারকর্মীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বহু আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য।
ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্যমতে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ৪২টি নৌযানের মধ্যে মাত্র একটি তখনো গাজা অভিমুখে এগোচ্ছিল। ভূমধ্যসাগরে গাজার উপকূল থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে প্রথম বাধা দেয় ইসরায়েল। এরপর নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয় এবং জলকামান ও অস্ত্র তাক করে জোরপূর্বক প্রবেশ করে ইসরায়েলি সেনারা। পরে কয়েকটি জাহাজ আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।
ফ্লোটিলার নৌযানগুলোতে ছিল খাদ্য, চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। গাজায় প্রায় দুই বছরের সংঘাত ও অবরোধে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, উপত্যকার বাসিন্দারা দৈনিক প্রয়োজনের মাত্র ২৬ শতাংশ খাদ্য পাচ্ছেন। এ প্রেক্ষাপটেই স্পেন, ইতালি, তিউনিসিয়া ও গ্রিস হয়ে যাত্রা শুরু করে এই আন্তর্জাতিক ত্রাণবহর।
ইসরায়েলের এ পদক্ষেপকে অনেক দেশ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছে। ইতালি, তুরস্ক, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, নৌবহরে থাকা তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। জাতিসংঘও ইসরায়েলের কর্মকাণ্ডকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জলসীমায় অহিংস মানবিক মিশনে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবেই জাতিসংঘের সমুদ্র আইন ভঙ্গ করেছে। আইনজীবী ও অধিকারকর্মীরা জানিয়েছেন, এ ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তোলা হবে।
এর আগে ২০১০ সালে গাজামুখী ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’-তে ইসরায়েলের হামলায় ১০ অধিকারকর্মী নিহত হয়েছিলেন। ২০১১, ২০১৫, ২০১৮ এবং ২০২৪ সালেও একাধিক ফ্লোটিলা আটক করা হয়। চলতি বছর জুন ও জুলাই মাসেও দুটি নৌযানকে ইসরায়েলি বাহিনী আটক করে।
আটক অধিকারকর্মীদের দক্ষিণ ইসরায়েলের উচ্চ নিরাপত্তার কোতজিওত কারাগারে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ম কিপুর উৎসব শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।




