ইরান চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কর্পোরেশন রোসাটমের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তিটি সই হয় বুধবার মস্কোতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপো–২০২৫ প্রদর্শনীতে। রোসাটম এই প্রকল্পকে “কৌশলগত” বলে আখ্যায়িত করেছে।
আইআরএনএ জানিয়েছে, জেনারেশন-৩ প্ল্যান্টগুলো দক্ষিণ-পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক অঞ্চলে নির্মিত হবে। প্রায় ৫০০ হেক্টর জমিতে এই কেন্দ্রগুলো স্থাপন করা হবে এবং এখান থেকে সর্বোচ্চ ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্র বুশেহরে অবস্থিত, যার ক্ষমতা মাত্র ১ গিগাওয়াট।
চুক্তিতে স্বাক্ষর করেন রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ এবং ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। কর্মকর্তারা জানান, এটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতায় দুই দেশের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামী বলেন, “বিদেশি চাপ নির্বিশেষে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।”
চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো ২০২৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া পুনরায় চালু করেছে, যা ইরানের ওপর পূর্বের নিষেধাজ্ঞা ফের আরোপ করতে পারে। তবে মস্কোর জাতিসংঘ প্রতিনিধি এ প্রক্রিয়াকে “অবৈধ ও আইনি ভিত্তিহীন” বলে উল্লেখ করেছেন।
ইসরায়েল দাবি করেছে, ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু তেহরান দৃঢ়ভাবে জানিয়েছে, তাদের কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ এবং কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়নি।




