বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় গণহারে ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক প্রতিবাদের ঘটনা ঘটেছে। শুক্রবার তিনি মঞ্চে উঠতেই আরব, মুসলিমসহ আফ্রিকার ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিদল একযোগে অধিবেশনকক্ষ ত্যাগ করতে শুরু করেন। এরপর বেশিরভাগ দেশের প্রতিনিধিদল সাধারণ পরিষদ থেকে ওয়াক আউট করেছেন। দর্শক সারিতে উপস্থিত নেতানিয়াহুর সমর্থকরা এ সময় উল্লাস প্রকাশ করলেও অধিবেশনকক্ষে সামনের আসনগুলো ফাঁকা হয়ে যায়।

আনাদোলু এজেন্সি জানায়, নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার ঠিক আগে এক বিরল প্রতিবাদের দৃশ্য দেখা যায়। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপটে কূটনীতিকরা এই প্রতীকী ওয়াকআউট করেন।

ভাষণ ঘিরে নিউ ইয়র্কেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে হাতে গোনা কয়েকজন কেবল নেতানিয়াহুর বক্তব্যে হাততালি দেন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের অধিভুক্ত করার বিপক্ষে হুঁশিয়ারি দেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৬৫ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

চলতি বছরের মে মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে উপেক্ষা করে আমেরিকার সমর্থনে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে পৃথক সহায়তা বিতরণ শুরু করে। এর ফলে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করে এবং দুর্ভিক্ষের পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। এর পাশাপাশি ইসরায়েলি বাহিনীর গুলি চালনায় খাদ্য সংগ্রহে আসা বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি রয়েছে।