আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেধাবীদের টানতে চীন নতুন অভিবাসন ভিসা চালু করেছে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া ‘কে’ ক্যাটাগরির এই ভিসা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) খাতের বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের জন্য চালু করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ভিসাটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান গবেষক, উদ্ভাবক ও প্রযুক্তিবিদদের চীনে আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে দেশটি। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমেরিকার কঠোর ভিসা নীতির বিপরীতে চীন এই পদক্ষেপকে মেধাবীদের জন্য একটি উন্মুক্ত দিগন্ত হিসেবে দেখছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যানশিয়াল এক্সপ্রেস জানায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন এইচ-১বি ভিসার জন্য বছরে ১ লাখ ডলার ফি দেওয়ার প্রস্তাব করছে, তখন সেটি বিদেশি কর্মীদের জন্য আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। এর বিপরীতে চীন তুলনামূলক সহজ শর্তে নতুন ‘কে’ ভিসা চালুর মাধ্যমে বিদেশি প্রতিভাবানদের আকৃষ্ট করতে চাইছে।
চীনা কর্তৃপক্ষের মতে, এই ভিসাধারীরা দেশে প্রবেশ করলে কেবল চাকরি নয়, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষাক্ষেত্রেও অবদান রাখতে পারবেন। এছাড়া তাদের দীর্ঘমেয়াদি বসবাস ও কাজের সুযোগ দেওয়া হবে।
পর্যবেক্ষকদের মতে, বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃত্বের প্রতিযোগিতায় মেধাবীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এখন বড় কৌশলগত হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার কঠোর নীতির বিপরীতে চীনের এ পদক্ষেপ তাদের বৈশ্বিক মেধাবাজারে অবস্থান আরও সুদৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।




