বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউরোপের বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার কারণে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিমানবন্দরগুলোর চেক-ইন ও বোর্ডিং সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল ও বিপুল সংখ্যক ফ্লাইট দেরিতে ছেড়েছে।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ হিসেবে বর্ণনা করলেও পরে জানা যায়, এটি একটি সাইবার হামলা। হামলার ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত সফটওয়্যার বিকল হয়ে যায়, যা স্বয়ংক্রিয়ভাবে যাত্রী চেক-ইন, বোর্ডিং ও ব্যাগেজ পরিচালনার কাজ করে থাকে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে সেবা দিতে বাধ্য হয়েছে বিমানবন্দরগুলো।

হিথ্রো বিমানবন্দরে অন্তত ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। ব্রাসেলসে ১০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ১৭টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। বার্লিন বিমানবন্দরেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলিন্স অ্যারোস্পেসের সফটওয়্যার পুনরায় সচল না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের চেক-ইন ও ব্যাগেজ হ্যান্ডলিং করা হবে। এতে করে প্রত্যেকটি ফ্লাইটের ডিপার্চার সময় গড়ে প্রায় ৫৪ মিনিট দেরি হতে পারে।

হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিল ও দেরির তথ্য জানিয়ে দিয়েছে। যাত্রীদের ফ্লাইট ছাড়ার সময় ও স্ট্যাটাস আগে থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সব বিমানবন্দর এই হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নির্দিষ্ট সফটওয়্যারের ওপর নির্ভরশীল বিমানবন্দরগুলোই মূলত হামলার লক্ষ্যবস্তু ছিল।

এই হামলার পর সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃতীয় পক্ষের সফটওয়্যার বা প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বড় ধরণের ঝুঁকি তৈরি করছে। বিমান পরিবহন খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার নিরাপত্তা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।

বিশ্বজুড়ে শত শত এয়ারলাইন্স ও বিমানবন্দরে চেক-ইন এবং বোর্ডিং সেবা দিয়ে থাকে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান সংস্থাই তাদের পরিষেবার ওপর নির্ভরশীল। ফলে একক একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার ফলে পুরো অঞ্চলের বিমান চলাচল বিপর্যয়ের মুখে পড়ে।

যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।