বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বসছে। এর আগে ২৫ আগস্ট কক্সবাজারে প্রস্তুতিমূলক বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, মিয়ানমারে শান্তি স্থাপন, শিবিরে মানবিক সহায়তা ও নিরাপত্তা বৃদ্ধি এবং আসিয়ানের কার্যকর ভূমিকা—বিশেষত মালয়েশিয়ার প্রস্তাবিত শান্তি–উদ্যোগ—নিয়ে আলোচনা হয়।

ঢাকায় ১৭ আগস্ট কূটনীতিকদের ব্রিফ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, নিউ ইয়র্ক সম্মেলনটি রোহিঙ্গা সংকটে “স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের পথনির্দেশ” দিতে পারে। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, আমেরিকা, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৫০টি মিশন অংশ নেয়। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের আহ্বানে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব সর্বসম্মত সমর্থন পায়, তারই ধারাবাহিকতা আগামী বৈঠক।

বাংলাদেশে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত—বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবির এখন কক্সবাজার। প্রতি বছর প্রায় ৩২ হাজার নবজাতক যুক্ত হওয়ায় দীর্ঘমেয়াদি সহায়তার চাপ বাড়ছে। এদিকে অ্যাকশনএইড বাংলাদেশ পরিচালিত গবেষণায় শিবিরে যৌন হয়রানিকে ‘সবচেয়ে বড় উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করে জেন্ডার–সংবেদনশীল সুরক্ষা, আলোযুক্ত নিরাপদ টয়লেট–স্নানাগার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ ও নারী নেতৃত্বে সুরক্ষা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে; একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব কমাতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমাধানে সাত দফা রূপরেখা দিয়েছেন—দ্রুত প্রত্যাবর্তনের রোডম্যাপ, দাতাদের অব্যাহত অর্থায়ন ও ২০২৫–২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার ঘাটতি পূরণ, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা–জীবিকা নিশ্চয়তার দাবি, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ, আসিয়ান–আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা এবং গণহত্যা–জবাবদিহি দ্রুততর করা। তাঁর সতর্কবার্তা—এখন পদক্ষেপ না নিলে রোহিঙ্গারা মাতৃভূমি থেকে সম্পূর্ণ উচ্ছেদের ঝুঁকিতে।

ঢাকা বলছে, সীমিত সম্পদে দীর্ঘ আট বছর আশ্রয় দেওয়ার পর বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য। সম্মেলনে রাজনৈতিক চাপ, নিরাপত্তা নিশ্চয়তা, অর্থায়ন এবং মানবপাচার–মাদক–ক্ষুদ্র অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সমন্বিত কর্মপরিকল্পনায় ঐক্যমত্য গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা। সরকারের আশা, ৩০ সেপ্টেম্বরের বৈঠক থেকে সংকট সমাধানের একটি স্পষ্ট রোডম্যাপ বেরিয়ে আসবে।