দুই দিনের সহিংস–বিক্ষোভ থেমে নেপালে নেমেছে টানটান নীরবতা; রাজধানীতে সেনা টহল, রাতের কারফিউ জারি। তরুণ স্বেচ্ছাসেবকেরা রাস্তাঘাট পরিষ্কারে ও পুনর্গঠনে নেমেছেন। আহত–নিহতের খবরে শোক ঘনালেও কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগে বিমানবন্দর ও সেবায় ধাপে ধাপে স্বস্তির ইঙ্গিত দিতে শুরু করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ গুরুত্বপূর্ণ সড়কে সেনা টহল জোরদার করা হয়। কর্তৃপক্ষ বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাতের কারফিউ বলবৎ রেখে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
বিক্ষোভ–উত্তর পর্যায়ে দেশ পুনর্গঠনে অংশ নিতে যুবকদের উদ্যোগে রাস্তাঘাট পরিষ্কারসহ স্বেচ্ছাসেবী কাজ শুরু হয়েছে। তরুণ বিক্ষোভকারী অর্জুন বিশষ্ঠ বলেন, ‘গতকাল লড়েছি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে, আজ রাস্তা পরিষ্কার করছি, আগামীকাল গড়ব শক্তিশালী গণতান্ত্রিক নেপাল।’
পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হলেও রাজধানীর বিভিন্ন স্থানে থমথমে অবস্থা বিরাজ করছে; ছিটেফোঁটা সংঘর্ষের খবরও মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিকেলে জানায়, দুর্নীতি–বিরোধী আন্দোলনে এ সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে; আহত ৬৩৩। রাজধানী কোটেশ্বরে ৩ পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জেন–জি নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নাগরিক উনমুক্তি পার্টির চার সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এর আগে রাষ্ট্রীয় স্বাধীন পার্টির ২১ ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির ১৪ এমপি যৌথভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জনতা সমাজবাদী পার্টি ও জনমত পার্টির কয়েকজন আইনপ্রণেতারও যৌথ পদত্যাগের আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দিতে জেন–জি নেতাদের মধ্যে ‘ঐকমত্য’ হয়েছে—এমন দাবিও উঠেছে। সেনাপ্রধানের সঙ্গে আলোচনার পর বিষয়টি আনুষ্ঠানিক করা হতে পারে বলে বিক্ষোভশিবিরের নেতাদের বরাতে জানা গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সময়সূচি মিলিয়ে নিতে বলা হয়েছে। নেপাল পরিস্থিতিতে স্থগিত হওয়া ঢাকা–কাঠমান্ডু রুটে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবারের বাতিল ফ্লাইটের যাত্রীদের নতুন সময় জানানো হবে। সর্বশেষ তথ্যের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, ত্রিভুবন বিমানবন্দর খুললেও এখনো ‘স্লট’ মেলেনি; স্লট পাওয়া মাত্র আটকে পড়া যাত্রীদের দ্রুত আনার চেষ্টা করা হবে।
সরকার ঘোষিত সামাজিকমাধ্যম নিয়ন্ত্রণ–নীতিতে একযোগে ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই দিন ধরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর সেনা মোতায়েন ও কারফিউ জারির মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আহ্বান—উত্তেজনা পরিহার করে শান্তি–শৃঙ্খলা বজায় রাখা ও পুনর্গঠনে সবাইকে অংশ নিতে উৎসাহিত করা।




