বুধবার

,

১৩ই মে, ২০২৬

সহিংস বিক্ষোভের মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নেপালে সামাজিকমাধ্যম নিয়ন্ত্রণ ইস্যুকে ঘিরে টানা সহিংস–বিক্ষোভের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত জরুরি মন্ত্রিসভা বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে। বিক্ষোভে সহিংসতা ও রক্তপাত বেড়ে যাওয়ায় নৈতিক দায় নিয়ে তিনি সরে দাঁড়ান।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশজুড়ে সংঘাতে কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৪০০ জনের বেশি। বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে লেখকের পদত্যাগপত্র সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কি না—সেটি এখনও জানায়নি।

দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের দুই মহাসচিব গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, বিক্ষোভ সহিংসতায় হতাহতের ঘটনায় মন্ত্রণালয় নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভের সূত্রপাত ‘রেজিস্ট্রেশনহীন’ ২৬টি সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সরকারি সিদ্ধান্তকে ঘিরে। সরকার বলছে, প্ল্যাটফর্মগুলোর স্থানীয় নিবন্ধন ও জবাবদিহি নিশ্চিত করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে; কিন্তু সমালোচকদের মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি পায়।

পর্যবেক্ষকদের মূল্যায়ন, অনলাইন প্ল্যাটফর্মে কড়াকড়ি, ইন্টারনেট নিয়ন্ত্রণ ও বলপ্রয়োগ—এই তিনটি ইস্যু মিলেই বর্তমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করেছে। পরিস্থিতি শান্ত করতে মানবাধিকার–সম্মতভাবে আইনশৃঙ্খলা রক্ষা, নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা এবং বিক্ষোভকারীদের সঙ্গে ফলপ্রসূ সংলাপের আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।