বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে—এ বক্তব্য উঠে এসেছে ভারতের দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সম্পাদকীয়তে। ‘ওয়াচ ক্লোজলি : এডিটরিয়াল অন দ্য শিফট ইন বাইল্যাটারেল রিলেশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ’ শিরোনামের সম্পাদকীয়টি ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দিয়েছে।
সম্পাদকীয় মতে, আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী সময়ে ইসলামাবাদ–ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা সফর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বাণিজ্য, কূটনৈতিক বিনিময় জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর বিষয় উঠে আসে।
সম্পাদকীয়টি জানায়, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন নয়াদিল্লি। বিশেষ করে জামায়াতে ইসলামী, বিএনপি ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী-সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভারতকে বিচলিত করেছে।
সম্পাদকীয়ে আরও বলা হয়, ২০২৬ সালের শুরুর দিকেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনে পাকিস্তানের তৎপরতা বাড়ছে—যা স্বাভাবিকভাবেই ভারতের নজরে এসেছে। সম্পাদকীয়ের মূল্যায়নে, উদীয়মান বাস্তবতায় ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও আস্থা পুনর্গঠনে নয়াদিল্লিকে সক্রিয় ও কৌশলী হতে হবে।




