বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘গ্লোবাল সাউথ সংহতি’র শক্তি প্রদর্শন : এক মঞ্চে পুতিন–শি–মোদি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার অতিরিক্ত শুল্কে বৈশ্বিক বাণিজ্যে টানাপড়েনের প্রেক্ষাপটে চীন, ভারত ও রাশিয়া একই মঞ্চে বসছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন, যেখানে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদিসহ ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। আয়োজকরা একে ‘গ্লোবাল সাউথ সংহতি’র শক্তিশালী প্রদর্শন বলে আখ্যা দিচ্ছেন; নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার জন্য এটি কূটনৈতিক মঞ্চে নতুন সুযোগও তৈরি করবে।

সম্মেলনটি ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মোদির জন্য এটি সাত বছরের মধ্যে প্রথম চীন সফর—২০২০ সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে জমে থাকা দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় সফরটি গুরুত্ব পাচ্ছে। গত বছর রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে শেষবার একই মঞ্চে দেখা হয়েছিল তিন নেতার; এবার এসসিওতে চীন–ভারত–রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের আশায় আছে মস্কো।

চায়না–গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান এরিক ওল্যান্ডারের ভাষায়, শি জিনপিং এই সম্মেলনকে ‘পোস্ট–আমেরিকান বিশ্বব্যবস্থার’ এক দৃশ্যপট দেখাতে ব্যবহার করতে চান।

জানুয়ারি থেকে হোয়াইট হাউস চীন, ইরান, রাশিয়া, এমনকি ভারতকেও প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু তা কাঙ্ক্ষিত ফল দেয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০০১ সালে প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় এসসিও সম্মেলন। নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা থেকে অর্থনীতি ও প্রতিরক্ষা সমন্বয়—ব্লকের কার্যপরিধি বিস্তৃত হয়েছে; বর্তমানে ১০ স্থায়ী সদস্য ছাড়াও ১৬টি ডায়ালগ/পর্যবেক্ষক দেশ রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বাস্তব ফলের দিক থেকে এসসিও এখনো বড় সাফল্য দেখাতে পারেনি। ভারতের ‘তক্ষশীলা ইনস্টিটিউশন’-এর গবেষক মনোজ কেওলরামানি মনে করেন, সংগঠনের ভিশন ও বাস্তবায়ন ‘অস্পষ্ট’, তবু প্ল্যাটফর্মটি প্রতীকী শক্তি তৈরি করে।

চলমান ভূরাজনীতিতেও টানাপড়েন আছে। ভারত–পাকিস্তানের সম্পর্কের রেষ টানেনি; জুনে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে দিল্লির আপত্তিতে যৌথ বিবৃতি হয়নি। আবার ইরানের ওপর ইসরায়েলি হামলা নিন্দাতে এসসিওর প্রস্তাবে ভারত অংশ নেয়নি। তবু সাম্প্রতিক চীন–ভারত যোগাযোগ ও ওয়াশিংটনের নতুন শুল্কচাপ মোদির জন্য ইতিবাচক বার্তা আনার সম্ভাবনা বাড়িয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, সীমান্তে ধাপে ধাপে সেনা প্রত্যাহার, বাণিজ্য/ভিসা বিধিনিষেধ শিথিল, জলবায়ু সহযোগিতা ও মানুষে–মানুষে যোগাযোগ বাড়ানোর মতো ঘোষণা আসতে পারে—যদিও বড় কোনো নীতিগত অগ্রগতি কম প্রত্যাশিত।