বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাকিস্তানে আকস্মিক বন্যায় একদিনে নিহত ২০০, বহু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় আকস্মিক বন্যায় একদিনে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এ বন্যায় গত ২৪ ঘণ্টায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া একটি এম-১৭ উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানায়, নিহতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে। শুধু বুনার জেলায় প্রাণহানির সংখ্যা ৯১ জন। বন্যায় ৪৫টি বাড়ি, তিনটি স্কুল এবং আটটি অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। সোয়াত জেলায় একাই ২৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারের সময় খাইবার-পাখতুনখোয়ার সারাজেলায় উদ্ধার কাজের অংশ হিসেবে পাঠানো একটি রেসকিউ হেলিকপ্টার হঠাৎ বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও তিন জন ক্রু সহ পাঁচজন নিহত হয়। জেলা প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র আবহাওয়া ও পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার কার্যক্রমে বিপুল প্রতিবন্ধকতা হচ্ছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের নির্দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বুনার জন্য ১৫ কোটি, বাজাউর, বটগ্রাম ও মানসেহরার জন্য ১০ কোটি এবং সোয়াতের জন্য ৫ কোটি রুপি বরাদ্দ হয়েছে।

পিডিএমএ সতর্ক করে জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রদেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়াতে পারে।