বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত: আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক আমেরিকা সফরের পর ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্ক অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক অপরিবর্তিত এবং আমেরিকার কূটনীতিকরা তাদের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তানের সেনাপ্রধানের সফরের সময় ভারতকে লক্ষ্য করে পারমাণবিক হামলার হুমকির প্রেক্ষাপটে ব্রুস বলেন, দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারত, তবে আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন।

ব্রুস জানান, আমেরিকা টেলিফোন যোগাযোগ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দুই দেশকে একত্রিত করে সম্ভাব্য সংঘাত ঠেকিয়েছে, যা ওয়াশিংটনের জন্য “গর্বের মুহূর্ত”। ট্রাম্পের সঙ্গে মুনিরের সাম্প্রতিক বৈঠকের পর পাকিস্তানে সহায়তা বা অস্ত্র বিক্রি বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো আছে এবং অপরিবর্তিত রয়েছে।”

এ সময় তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আমেরিকা-পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপের বিষয়টি তুলে ধরেন। সেখানে দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং হুমকি মোকাবিলায় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।

জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একান্ত মধ্যাহ্নভোজের পর মুনিরের এই সফর ছিল দুই মাসের মধ্যে আমেরিকায় তার দ্বিতীয় সফর। রবিবার তিনি ওয়াশিংটনে পৌঁছে আমেরিকার ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।