বুধবার

,

১০ই জুন, ২০২৬

গাজার সমর্থনে ইউরোপজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ইউরোপের বিভিন্ন দেশে শনিবার (৯ আগস্ট) লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলের অবরুদ্ধ গাজায় আক্রমণ বন্ধ এবং মানবিক সাহায্য পৌঁছানোর দাবি জানিয়েছে।

ব্রিটেনে ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে লন্ডনের রাস্তা ভরিয়ে হাজার হাজার বিক্ষোভকারী ‘গাজায় অনাহার বন্ধ করুন’ স্লোগান নিয়ে রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করেছে। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) আয়োজিত এই সমাবেশে ইসরায়েলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার সঙ্গে জড়িত থাকার’ অভিযোগ তুলেছেন।

সুইডেনের স্টকহোমেও শত শত মানুষ গাজার অবরোধ এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করে। তারা আমেরিকার সমর্থন ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে।

স্পেনের মাদ্রিদে এবং সুইস শহর জেনেভাতেও ব্যাপক ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদে বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ স্লোগান দেন এবং অবরুদ্ধ গাজার দুর্ভিক্ষের প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে প্রতিবাদ প্রকাশ করেন।

জেনেভার জার্ডিন অ্যাংলাইসে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি দুর্ভিক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং ইংরেজি, ফরাসি ও আরবিতে চিৎকার করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

ইউরোপজুড়ে এই বিক্ষোভগুলো গাজার সঙ্কটের প্রতি বিশ্বজনের গভীর উদ্বেগ এবং মানবিক সহায়তা বৃদ্ধির দাবি প্রমাণ করছে।

এদিকে, ইসরায়েলের তেল আবিবে গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে শনিবার (৯ আগস্ট) হাজারো মানুষ বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলি সরকারের কঠোর নীতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবি করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে গাজার মানবিক সংকট ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। পুলিশের কঠোর উপস্থিতির মধ্যেও শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ তেল আবিবে যুদ্ধবিরতির দাবিতে গণআন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।