বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সংস্কার প্রস্তাবের ৯৯% আড়াই বছর আগে উপস্থাপন করে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তার প্রায় ৯৯ শতাংশ প্রস্তাব বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রায় আড়াই বছর আগে বিএনপি জাতির সামনে যা উপস্থাপন করেছিল, সেই কথাগুলোই বিভিন্নভাবে আজ সরকার গঠিত সংস্কার কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেদিন কেউ নয়, বিএনপি এবং বিএনপির সঙ্গে যে সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদের নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদের নিয়ে স্বৈরাচারকে হটানো, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরিতে বিএনপি চেষ্টা করেছে, সেই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদে বিশ্বাসী চিকিৎসকসমাজের যত সদস্য আছেন, সবার কাছে আমার একটি চাওয়া। স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা ৩১ দফায় যা বলেছি, জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে সেটাকে বাস্তবায়ন করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘একটি কথা প্রচলিত আছে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে; কিন্তু নিজেদের ভেতরেই তা প্র্যাকটিস করে না। তাহলে তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? কথাটি ঠিক-বেঠিক দুটির মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতা ও অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই প্রক্রিয়া এখনো চালু হয়ে ওঠেনি। তবে আমি মনে করি, আজ ড্যাবের কাউন্সিলটি ওই কথার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ঠিক নয়।

যাঁরা এই কথাটি তোলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই; আজকের এই দিনটি তাঁদের সামনে এটিই প্রমাণ করে যে তাঁদের বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। শুধু তা-ই নয়, আগামী দুই দিন পর পর দুটি জেলার বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করব। এখানে কাউন্সিলররা যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন, ঠিক সেই জেলায়ও প্রান্তিক কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠন হবে।’

তিনি বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়ায় নিয়ে এসেছেন।
আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের নেতারা যে পথ দেখিয়ে গেছেন, সেটার ধারাবাহিকতা রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস, জুলাই-আগস্টে দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম-খুনের শিকার হয়েছে, লাখের কাছাকাছি মানুষ আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সবাই মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব। এখানে উপস্থিত চিকিৎসকসমাজ, আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে। তাহলে আমরা সেটা পারব।’

অনুষ্ঠানে ২০২৪ সালের ৫ আগস্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশা করছে। প্রত্যেকটি মানুষ, যেকোনো সমাজের যেকোনো মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাইছে। গত বছর আগস্টের ৫ তারিখ, মাত্র এক বছর হয়েছে। এক বছর আগে বহুপ্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। সমগ্র জাতি, বাংলাদেশের সমগ্র মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তার পরে মানুষ কী চায়? মানুষ চায়, সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সঙ্গে সঙ্গে, মুহূর্তের মধ্যে কোনো কিছু ভালো হবে না। কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে।’

ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক লুত্ফুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের দুই সভাপতি পদপ্রার্থী অধ্যাপক এ কে এম আজিজুল হক ও অধ্যাপক হারুন আল রশীদ। অনুষ্ঠানে ডিজিটাল স্যুভেনির উপস্থাপন করেন ডা. মোস্তফা আজিজ সুমন।