ভারতের কলকাতা লাগোয়া এক উপনগরীর বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ।
শুক্রবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কলকাতা লাগোয়া এক উপনগরীর বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে পার্টি অফিস খুলেছেন। প্রায় ৫০০–৬০০ স্কয়ারফুটের এই অফিসে কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি নেই। এমনকি দলীয় নথিপত্রও সেখানে রাখা হয় না—শুধু বৈঠক ও সাক্ষাতের জন্য ব্যবহৃত হয়।
অফিসটি একসময় একটি বেসরকারি সংস্থার দখলে ছিল, তাদের পুরনো চেয়ার-টেবিলই ব্যবহার করছেন নেতারা। এখানে সর্বোচ্চ ৩০–৩৫ জন বসতে পারেন, আর বড় সভাগুলো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে হয়।
আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম স্তরের বহু নেতা—যার মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জেলা সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ প্রায় ২০০ জন—কলকাতা ও আশেপাশে বাস করছেন। কেউ সপরিবারে, কেউ ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন। অনেকে এখান থেকে কানাডা, আমেরিকা বা অন্য দেশে পাড়ি জমিয়েছেন।
দলীয় নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছে থাকেন এবং সেখান থেকেই শীর্ষ নেতৃত্বকে রাজনৈতিক দিকনির্দেশনা দেন। বেশিরভাগ কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হয়—হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ এবং লাইভ আলোচনার মাধ্যমে। মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।
সাবেক এমপি পঙ্কজ দেবনাথের মতে, বিদেশ থেকে দল পরিচালনার ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। দেশে থাকলে অনেককে জেলে যেতে হতো বা হামলার শিকার হতে হতো।
দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান হলো অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের ব্যর্থতা তুলে ধরা। সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের অভিযোগ করেছেন, সরকার অর্থনীতি ও বিচারব্যবস্থায় ব্যর্থ এবং শেখ হাসিনা ও ভারতের ওপর দায় চাপাচ্ছে।
ভারতে থাকা নেতা-কর্মীদের খরচ দেশে-বিদেশের শুভাকাঙ্ক্ষীরা বহন করছেন। অনেকের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে—ব্যক্তিগত গাড়ির বদলে বাস, ট্রেন বা মোটরসাইকেলে চলাচল করতে হচ্ছে। তবে কবে দেশে ফিরবেন সে ব্যাপারে নেতারা স্পষ্ট কিছু বলেননি।




