বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর: অর্জন, প্রতিশ্রুতি ও আগামী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত হয় এই সরকার। এর তিন দিন আগে, ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। দিনটি এখন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

গত এক বছরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। নির্বাচনী ব্যবস্থা, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা, অর্থনীতি, গণমাধ্যম ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গঠিত হয়েছে ৬টি পৃথক সংস্কার কমিশন। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে।

মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া অন্যতম চ্যালেঞ্জ ছিল সরকারের। জুন মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা গত তিন বছরে সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা।

বন্যা ও কৃষিক্ষতির পরও বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানান ড. ইউনূস। একইসঙ্গে প্রবাসী আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা রপ্তানি আয় ৯ শতাংশ বাড়িয়ে দিয়েছে। টাকার মানও শক্তিশালী হয়েছে।

অর্থনৈতিক স্থিতিশীলতার আরেকটি প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত ১১ মাসে ৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে, এরপরও রিজার্ভে ঊর্ধ্বগতি রয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূস আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার জানিয়েছে, এটি দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ব্যবস্থার রূপরেখা নির্ধারণ করবে।