বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নানা আয়োজনে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়ের স্মৃতি পুনর্জাগরণে আয়োজিত এই দিবসকে ঘিরে সকাল থেকেই সারা দেশ থেকে আগত নানা বয়সী মানুষের ঢল নামে। বেলুন, ফেস্টুন ও আলোকসজ্জায় সেজে ওঠে আয়োজনস্থল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা ও ইতিহাসভিত্তিক উপস্থাপনা।

মঙ্গলবার দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এরপর একে একে মঞ্চে আসে কলরব, তাশফি, নাহিদ, শূন্য, সোলস, ওয়ারফেজ, ইথুন বাবু, মৌসুমি, পারশা মাহজাবিন, এলিটা করিমসহ আরও অনেক শিল্পী ও ব্যান্ড। মোট ২৫০ জনেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেন এই আয়োজনে।

বেলা ২টা ২৫ মিনিটে প্রতীকীভাবে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হয় বেলুন উড়িয়ে এবং ল্যাডারের মাধ্যমে দৃশ্য উপস্থাপন করে। পরে অনুষ্ঠিত হয় বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি?’—যেখানে প্রায় ২ হাজার ড্রোনের আলো ও নকশার মাধ্যমে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়।

বিকেল ৫টা ১০ মিনিটে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা ড. আসিফ নজরুল, মোস্তফা সরয়ার ফারুকী, আদিলুর রহমান, আসিফ মাহমুদ সজীবসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিরা।

এদিকে সন্ধ্যায় অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় ‘উইটনেস টু দি আপরাইজিং’ বইয়ের মোড়ক উন্মোচন। আলোচনায় অংশ নেন খুশী কবীর, অধ্যাপক তানজীমউদ্দিন খান, আশফাক নিপুণ ও আজমেরী হক বাঁধন।

‘উইটনেস টু দি আপরাইজিং’ বইটির মোড়ক উন্মোচন করেন শহীদ নাফিজের বাবা-মা ও লাশ বহনকারী রিকশাচালক নুর মিয়া।

আলোকচিত্রী জীবন আহমেদ জানান, জুলাই ২০২৪-এর আন্দোলনের প্রতিটি মুহূর্ত তার ক্যামেরায় ধরা পড়েছে। শুধু পেশাগত নয়, আন্দোলনের সত্য তুলে ধরতে তিনি গুলিবিদ্ধ ও ছন্নছাড়া জীবন পাড়ি দিয়ে আন্দোলনের একাত্ম অংশে পরিণত হয়েছেন।

বক্তারা বলেন, এই দলিল ইতিহাসের নির্মমতা ও জনতার প্রতিরোধের এক অনন্য দলিল হয়ে থাকবে।