৫ আগস্ট ২০২৫—বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। গত বছরের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশত্যাগে বাধ্য হন। সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে নানা আয়োজনে দিনটি উদ্যাপন করছে জাতি।
দিবসটির মূল আয়োজন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল ৫টায় সেখানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অভ্যুত্থানের শহীদ পরিবারের প্রতিনিধি, আহত আন্দোলনকারী ও দেশের সব রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া সকাল ১১টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, যেখানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ডদলগুলোর সদস্যরা। সন্ধ্যায় থাকছে ‘স্পেশাল ড্রোন ড্রামা’।
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের ক্ষমতায়নই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। এই চেতনাকে বাস্তবায়ন করাই হবে আমাদের অঙ্গীকার।”
ড. ইউনূস বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।” তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচারী গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত, তাই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এছাড়া সকাল ৯টায় দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হবে দোয়া ও প্রার্থনার আয়োজন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হবে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায়।
জুলাই অভ্যুত্থানের স্মরণে রাষ্ট্রীয়ভাবে উদ্যাপিত এই দিবসের প্রতিটি আয়োজন একটি নতুন ইতিহাস রচনার বার্তা বহন করছে—একটি গণতান্ত্রিক, মুক্ত ও মানবিক রাষ্ট্রের পথচলায় দেশের নাগরিকরা আজ নতুন করে অঙ্গীকারাবদ্ধ।




