বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা অস্থিতিশীলতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তারা যদি কোনো অপকর্ম করতে চায়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না। কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

আওয়ামী লীগের ‘গোপন কার্যক্রম’ ও ‘প্রশিক্ষণ’ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সবকিছু জানা যাবে।”

মিডিয়ার ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি গণমাধ্যমগুলোর টোনও এখন অনেকটা নরম হয়ে গেছে, আগের মতো সরব হতে পারছে না।”

বিশ্লেষকদের মতে, কিছু মহল ৫ আগস্টকে কেন্দ্র করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা।