বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর আমেরিকা সরকার যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশের ব্যবসায়ী, রপ্তানিকারক এবং বাণিজ্যনীতিনির্ধারক মহল। একে বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বড় একটি সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্ত শুক্রবার, ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা পূর্বঘোষিত ৩৭ শতাংশ থেকে ১৭ শতাংশ কম। এটি আমাদের আলোচকদের কৌশলগত দক্ষতা ও জাতীয় স্বার্থ রক্ষার অবিচল প্রতিশ্রুতির ফল।”
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের আলোচকরা আমেরিকার সঙ্গে একাধিক দফা কঠিন ও জটিল আলোচনা চালিয়ে গেছেন। আলোচনায় শুল্ক, অ-শুল্ক, এমনকি জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। প্রধান উপদেষ্টার মতে, এই চুক্তি বাংলাদেশকে আমেরিকার বিশাল বাজারে প্রবেশাধিকার ও তুলনামূলক সুবিধা ধরে রাখতে সহায়তা করবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “আমরা চেয়েছিলাম শুল্ক হার ২০ শতাংশের নিচে থাকুক। তারপরও আমেরিকার বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো অবস্থান বজায় থাকবে।” তিনি আরও জানান, আমেরিকায় বর্তমানে গড় শুল্কহার ১৫ শতাংশ হলেও বাংলাদেশের জন্য এই হার ২০ শতাংশ হওয়া তুলনামূলকভাবে গ্রহণযোগ্য।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর আমেরিকার শুল্ক ২০ শতাংশ—অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।”
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “আমাদের পররাষ্ট্র দপ্তর ও উপদেষ্টারা যথার্থভাবে দায়িত্ব পালন করেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।”
বিজিএমইএ ও এফবিসিসিআই-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, নতুন হার বাংলাদেশের পোশাক, চামড়া ও হস্তশিল্প খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও ২০ শতাংশ শুল্ক কিছুটা চ্যালেঞ্জিং, তবে পূর্বঘোষিত ৩৫ থেকে ৩৭ শতাংশ শুল্কের তুলনায় এটি অনেকটাই সুবিধাজনক। এছাড়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রেও শুল্কহার প্রায় একই হওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ন থাকছে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা পরে তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। সেই সময় পাল্টা আলোচনায় অংশ নিতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে ইউএসটিআর-এর সঙ্গে তিন দিনব্যাপী বৈঠকে বসে। অবশেষে সেই আলোচনারই সফল পরিণতি হিসেবে নতুন এই শুল্কহার নির্ধারিত হলো।
বিশ্লেষকদের মতে, এটি শুধু বাণিজ্যিক নয়, বরং এক কূটনৈতিক বিজয়ও—যা বাংলাদেশের ভবিষ্যৎ রপ্তানি প্রবৃদ্ধিতে বড় প্রভাব ফেলবে।




