বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা : প্রত্যাশা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, আপনি আপনার সেই প্রতিশ্রুতি রাখবেন। দেশের জনগণও সেটিই চায়।”

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষের বহু বছরের আকাঙ্ক্ষা, নিজের ভোট নিজে দেবে। জুলাই-আগস্টের আন্দোলনে শত শত প্রাণ গেছে। শহীদ জাফরুলের মায়ের বক্তব্যের সময় তাঁর কান্নায় চোখের পানি ধরে রাখতে পারিনি।
তাঁর ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। খুনি হাসিনা হতে দেয়নি। তার পুলিশ বাহিনী গুলি চালিয়ে অনেক তরুণের স্বপ্ন শেষ করে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা বিরাট ভয়ংকর একটা ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব।

মির্জা ফখরুল আরো বলেন, পলাতক হাসিনার আমলের মতো রাতে ভোট হবে না। একজনের ভোট আরেকজনে দেবে না।

বিএনপির মহাসচিব বলেন, ‘যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, ব্যাংক লুট করবে, তাদের ছাড় দেব না। শহীদদের দাফনে বাধা, জানাজা দিতে বাধা, এসবের বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ওপরে যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজ তারা তারেক রহমানের ওপর আস্থা রাখছে। অপেক্ষা করছি, কবে তিনি দেশে আসবেন। কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যেন তিনি অতি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, সেটাই কামনা।

বিএনপি মহাসচিব বলেন, তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব। যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, ভোট দিতে পারবে, সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

আগামীতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মার্স কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ ইত্যাদি যেসব পরিকল্পনা নিয়েছেন তার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল।