বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এটিভি ইউএসএ-র পর্দায় কৃষির গল্প, শুরু হচ্ছে ‘কৃষি ও জীবন’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি ও গ্রামীণ জীবনের নানা দিক নিয়ে এটিভি ইউএসএ শুরু করতে যাচ্ছে নতুন ধারার অনুষ্ঠান ‘কৃষি ও জীবন’।

বুধবার ঢাকায় চ্যানেলের অফিসে অনুষ্ঠিত হলো ‘কৃষি ও জীবন’ অনুষ্ঠানের উদ্বোধন। উপস্থিত ছিলেন এটিভি ইউএসএ-র ডিরেক্টর আশরাফ শিশির এবং অনুষ্ঠানের সঞ্চালক জাহাঙ্গির তুষার।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। দেশের খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর পেছনে রয়েছে কৃষকের অবদান। সেই কৃষি ও গ্রামীণ জীবনের বাস্তব গল্পগুলো তুলে ধরতেই এটিভি ইউএসএ শুরু করছে এই সময়োপযোগী অনুষ্ঠান ‘কৃষি ও জীবন’। অনুষ্ঠানটি কৃষি খাতের অগ্রগতি, প্রযুক্তির ব্যবহার, কৃষকের জীবনসংগ্রাম ও গ্রামীণ সমাজের পরিবর্তনের চিত্র তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃষি এখন শুধুই চাষাবাদ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা ও অর্থনৈতিক ভিত্তি। গণমাধ্যমে কৃষির উন্নয়ন ও কৃষকের ভূমিকা তুলে ধরার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি।” এ সময় অনুষ্ঠানের পরিকল্পনার জন্য চ্যানেলের সিইও আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমানকে ধন্যবাদ জানান তারা।

উদ্বোধনী আয়োজন শেষে সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই আশা প্রকাশ করেন যে ‘কৃষি ও জীবন’ হয়ে উঠবে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর।

‘কৃষি ও জীবন’ অনুষ্ঠানটি আগস্ট মাস থেকেই প্রচারিত হবে এটিভি ইউএসএ-র পর্দায়। পাশাপাশি প্রতিটি পর্ব প্রকাশিত হবে এটিভি ইউএসএ এইচডি ইউটিউব চ্যানেলেও। দর্শকদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজ ফলো করার আহ্বান জানানো হয়েছে।