বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার জন্য যুক্তরাজ্যের মাল্টিপল ভিসার আবেদন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফলোআপ চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে এমন আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য যুক্তরাজ্যের মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে। তার পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই আবেদন করা হয় বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার চার সফরসঙ্গীর জন্য ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে ‘নোট ভারবাল’ ইস্যু করতে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে নোট ভারবাল প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলতি মাসে বা খুব নিকট সময়ের মধ্যে সফর করবেন মর্মে দ্রুত সময়ের মধ্যে নোট ভারবাল সম্পন্ন করা হয়েছে।

ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, রবিবার (২৭ জুলাই) বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি অতি জরুরি চিঠি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে গমন করা জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। নিম্নবর্ণিত কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী তার সফরসঙ্গী হবেন। তাদের অনুকূলে ‘নোট ভারবাল’ ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

তবে খালেদা জিয়ার লন্ডনে আবার চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা কবে হবে বা আদৌ হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার পরিবার, দল ও চিকিৎসকরা।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। ২০২১ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। এরপর চিকিৎসকরা তাকে বিদেশে বিশেষায়িত সেন্টারে পাঠানোর পরামর্শ দেন। তবে সে সময়কার সরকার তার বিদেশ যাত্রার অনুমতি দেয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্তি পান। পরবর্তীতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হয়ে তিনি ১৭ দিন চিকিৎসা নেন এবং পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় লিভার প্রতিস্থাপন বিষয়ে চিকিৎসকরা বয়সজনিত ঝুঁকির কারণে সিদ্ধান্ত নেননি। এরপর প্রায় সাড়ে তিন মাস ফলোআপ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

বর্তমানে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তবে ২৩ জুলাই রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার ফলোআপ চিকিৎসার জন্য আবার লন্ডনে পাঠানো যায় কি না, তা নিয়ে মেডিকেল বোর্ডে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের মাল্টিপল ভিসার জন্য আবেদন করা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।