বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আল জাজিরার অনুসন্ধান: গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান গণবিক্ষোভ দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। সম্প্রচারমাধ্যমটির অনুসন্ধানী দল ‘আই-ইউনিট’ গোপন টেলিফোন আলাপের অডিও বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা একটি ‘খোলা আদেশ’ দিয়েছিলেন যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর যেকোনো স্থানেই গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। ২০২৪ সালের ১৮ জুলাই তার একটি টেলিফোন কথোপকথন এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) রেকর্ড করে, যেখানে হাসিনা বলেন, “আমি তো আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছি। এখন ওরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে, সেখানেই গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম… ছাত্রদের কথা ভাবছিলাম।”

ওই ফোনালাপে তিনি আরও জানান, হেলিকপ্টার ব্যবহার করে বিভিন্ন স্থানে বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বলেন, “যেখানে জটলা দেখবে, ওপর থেকেই—এখন ওপরে থেকেই হচ্ছে—এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে। কিছু [বিক্ষোভকারী] নড়েছে।”

যদিও সে সময় সরকার হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিল, তবে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাবির শরীফ আল জাজিরাকে জানান, তাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। তিনি বলেন, অনেক আহত শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক বড় গুলির ক্ষত দেখা যায়। “বেশিরভাগ বুলেট কাঁধ বা বুকে ঢুকেছে এবং শরীরেই থেকে গেছে। এক্স-রেতে দেখে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম,” বলেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, অডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে যাচাই করা হয়েছে, যাতে শব্দ বিকৃতির সম্ভাবনা ও কণ্ঠস্বরের পরিচয় নিশ্চিত করা হয়।

২০২৪ সালের আগস্টে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ভারত পালিয়ে যান। তার আগেই কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২০,০০০ জন আহত হন বলে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এরই মধ্যে হাসিনা, তার দুই মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের আগস্টে।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এনটিএমসি কেবল বিরোধীদের নয়, হাসিনার রাজনৈতিক মিত্রদেরও নজরদারির আওতায় রাখত। একটি ফোনালাপে হাসিনা বলেন, “জানি, এটা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই।” প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেন, “অন্যদের জন্য উনি অনেক গভীর গর্ত খুঁড়েছিলেন, এখন সেই গর্তেই নিজেই পড়ে গেছেন।”

বিক্ষোভের সূত্রপাত ঘটে ২০২৪ সালের জুনে, যখন হাইকোর্ট মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোটা পুনর্বহাল করে। শিক্ষার্থীরা অভিযোগ করে, এই কোটা ব্যবস্থায় আওয়ামী লীগ-সমর্থিতদের অগ্রাধিকার দেওয়া হয় এবং মেধার ভিত্তিতে নিয়োগ ব্যাহত হয়।

১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাঈদের মৃত্যু বিক্ষোভের মোড় ঘুরিয়ে দেয়। এক গোপন ফোনালাপে হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পুলিশপ্রধানকে প্রশ্ন করতে শোনা যায়, “অটোপসি রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন?”
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম অভিযোগ করেন, তাকে পাঁচবার ময়নাতদন্ত রিপোর্ট পাল্টাতে বাধ্য করে পুলিশ, যাতে একাধিক গুলির কথা না থাকে। রিপোর্টে লেখা হয়, সাঈদ পাথরের আঘাতে মারা গেছেন, যদিও বাস্তবে তিনি গুলিতে নিহত হন।

সাঈদের মৃত্যুর ১২ দিন পর তার পরিবারসহ নিহত ৪০ জনের পরিবারের সদস্যদের গণভবনে ডেকে পাঠানো হয় এবং তা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে শেখ হাসিনা আর্থিক সহায়তা দেন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
তবে সাঈদের বোন সুমি খাতুন বলেন, “ভিডিওতে তো দেখা গেছে পুলিশ গুলি করেছে। এখানে তদন্তের কী আছে? এখানে আসাটাই ভুল হয়েছে।”
তার বাবা মকবুল হোসেন জানান, “আমাদের জোর করে গণভবনে আনা হয়েছে। না এলে অন্যভাবে হয়রানি করা হতো।”

এদিকে, আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে বলেন, শেখ হাসিনা কখনো ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ কথা বলেননি। ফোনালাপগুলো হয়তো কৌশলে বাছাই করা বা সম্পাদিত। তিনি আরও বলেন, “আবু সাঈদের মৃত্যুর তদন্তে সরকার আন্তরিক। এ নিয়ে কোনো লুকোচুরি নেই।”