প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিসহ চার রাজনৈতিক দলের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, ‘আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসাথে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।’
বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।
আসিফ নজরুল বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই, কোন বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাঁদের মধ্যে কোন বিরোধ বা মতভিন্নতা নেই। আইন উপদেষ্টা আরো বলেন, “তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝেমাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এটা নয় যে, তাঁরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁরা আমাদের রাজনৈতিক সহযোগী।
রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে। এর থেকে কোনভাবেই ধারণা করা উচিত নয়, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে।
তিনি জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরো বেশি শক্ত অবস্থান নেওয়ায় কথা বলেছে।
এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান এ বৈঠকে উপস্থিত ছিলেন।




