বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ব্যক্তি একইসাথে দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না—এ বিষয়ে প্রায় তিন-চতুর্থাংশ রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনাশেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।

আলোচনায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, যদিও বেশিরভাগ দল এই প্রস্তাবে সম্মত হয়েছে, তবে কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্নমত জানিয়েছে। তারা চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলেও জানান তিনি। আজকের আলোচনায় এ বিষয়ে আরও কিছু অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন জাতীয় ঐকমত্য কমিশনের এই সহ-সভাপতি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বিন্যাসের লক্ষ্যে ২০ জুলাই তারিখে রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কমিশন একটি সংশোধিত ও সমন্বিত প্রস্তাব সকল দলের নিকট প্রেরণ করে। উক্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দলসমূহকে মতামত প্রদান করতে বলা হয়। আজ ২২ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করে তাদের মতামত উপস্থাপন করে।

আজ প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় জানিয়ে তিনি বলেন, তবে ‘র‌্যাঙ্কড চয়েজ’ পদ্ধতির ব্যবহার বিষয়ে এখনো একমত হওয়া যায়নি।

আগামী বৃহস্পতিবার পুনরায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কমিশন জানায়, অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্য গড়তে আগামীকাল সকালে পুনরায় আলোচনা অনুষ্ঠিত হবে।