বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকার সচিবালয় এলাকায় মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদ, গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হন।

বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রথমে সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

গুলিস্তান, জিরো পয়েন্ট ও জাতীয় স্টেডিয়াম মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শিক্ষার্থীরা এলাকা ছাড়ে এবং সচিবালয় এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে গুলিস্তান এলাকায় তখনও শিক্ষার্থীদের অবস্থান ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানে অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন, কেউ কেউ হাসপাতালে ভর্তি আছেন। আহতদের একজন লালবাগ মডেল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, “আমাকে বন্দুকের বাট দিয়ে পেটানো হয়েছে, হাঁটতে পারছি না।”

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, “সচিবালয়ের গেট খুলে আমাদের ঢুকতে দেওয়া হয়। কিন্তু পরে পরিকল্পিতভাবে আমাদের ওপর চড়াও হয় পুলিশ। আলোচনার কথা বলে ডেকে এনে আমাদের পেটানো হয়েছে।”

অন্যদিকে, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুরের শিকার হয়েছে স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রণালয়ের সামনের গাড়িগুলো।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিচার দাবি করছেন তারা। পাশাপাশি রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার কারণেও তারা ক্ষুব্ধ।

সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সচিবালয়ের এক নম্বর গেটসহ আশপাশের এলাকায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সচিবালয়ের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও গুলিস্তান এলাকায় এখনো শিক্ষার্থীরা অবস্থান করছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল, নূর মোহাম্মদ কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আন্দোলনের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে সামাজিকমাধ্যমে তথ্য প্রকাশ করেছেন তিনি নিজেই।

শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।