বর্তমানে দেশের কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলছেন। কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় উপযোগী নয়। বরং এটি দেশে চরমপন্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
আলোচনার শুরুতে উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ দুর্ঘটনা এবং ফ্যাসিস্ট আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
তারেক রহমান আরও বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে রাষ্ট্র অটোক্রেটিক ও ফ্যাসিবাদী হয়ে ওঠে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে জনগণের সম্মিলিত শক্তি এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং নিজেদের আখের গোছাতে অপকৌশল নিচ্ছে— তারা মূলত আসন্ন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত।’
তিনি আরো বলেন, ‘যারা পরিস্থিতির সুযোগ নিয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছে, তারা যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে— এই আহ্বান জানাই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে বিএনপি বলে আসছে। নিত্যনতুন রাজনৈতিক হিসাব-নিকাশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে গণ-অভ্যুত্থানের সব শহীদ প্রাণের আত্মত্যাগ কেউ যেন ভুলে না যায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক বছর পার হলেও শহীদদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। এটি ভবিষ্যতের ইতিহাসে জাতীয় ব্যর্থতা হিসেবে চিত্রায়িত হবে। একটি শ্রেণি অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় তৎপর। যদি সেই একই তৎপরতা শহীদদের তালিকা প্রস্তুতে থাকতো, তাহলে তা ইতোমধ্যে চূড়ান্ত করা যেত।’




