বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হাতিরঝিলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত ও ড্রোন শো

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর একে একে প্রদর্শিত হয় চারটি তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই উইমেন’ এবং ‘জুলাই বীরগাথা’। এসব চলচ্চিত্রে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়।

 

 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তরুণ শিল্পী সেজান, তাশফি ও সানি। এছাড়াও মঞ্চে উঠে আসে ‘র‍্যাপার কালেক্টিভ’ এবং দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, যারা প্রতিরোধ, প্রতিবাদ ও আশার বার্তা নিয়ে গান পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়।

সবশেষে অনুষ্ঠিত হয় এক অনন্য ড্রোন শো, যেখানে আকাশে আলোকচ্ছটায় ভেসে ওঠে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রতীক ও নানা স্মরণীয় মুহূর্ত। ‘প্রেলিউড টু জুলাই’ শিরোনামের এই ড্রোন প্রদর্শনীতে তুলে ধরা হয় শহীদদের মুখাবয়ব, প্রতিরোধের চিত্র ও স্বাধীনতার প্রতীকী রূপ। এতে দর্শনার্থীরা আপ্লুত হয়ে পড়েন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা এবং শহীদ পরিবারের সদস্যরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে বিভিন্ন স্থান ও মাধ্যমে আরও নাটক, প্রদর্শনী, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

আন্দোলন, প্রতিবাদ এবং আত্মত্যাগকে স্মরণ করে এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে আশা ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে—এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।