বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ হামলাকে ‘পরিকল্পিত’ ও ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, এটি দেশের রাজনৈতিক অঙ্গনে অশান্তি ও অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রের অংশ। দেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা ছিল সুপরিকল্পিত। তারা ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে, দেশে এখন কোনো মতপ্রকাশের স্বাধীনতা নেই।”

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী লীগের দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীকে কঠোরহস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সে জন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, বুধবার গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে দাবি করেছে এনসিপি। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন এবং কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারি করেছে এবং রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।