বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেটি শুধুই কমিশনের ব্যর্থতা নয়, বরং এই ব্যর্থতা সবার—এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি ও আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “কমিশন কোনো আলাদা সত্তা নয়। এটি আপনাদের, আমাদের, সবার অংশীদারিত্বের জায়গা। কাজেই যদি কোথাও ব্যর্থতা আসে, সেটা আমাদের সবার ব্যর্থতা হিসেবেই গণ্য হবে।”

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৪তম দিনের সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আলী রীয়াজ এবং সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার।

তিনি আরও বলেন, “যে দায়িত্ব কমিশনের ওপর অর্পিত হয়েছে, সেটি রাজনৈতিক দলগুলোর কারণেই। আমরা কেবল সহযোগী হিসেবে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর উচিত যত দূর সম্ভব এক জায়গায় আসা এবং সিদ্ধান্তে পৌঁছানো।” আগামী কয়েক দিনের মধ্যেই কার্যকর সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনার দ্বিতীয় ধাপে এদিন অংশগ্রহণ করে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় মূলত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তে বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। আগের দিন যেসব বিষয় অসমাপ্ত ছিল, মঙ্গলবার সেগুলোর ওপরেই মূলত আলোচনা গড়ায়।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।

সংলাপে আলী রীয়াজ বলেন, “আমরা চাই সংকট নিরসনে একটি বাস্তবমুখী জাতীয় সনদ তৈরি হোক। এ জন্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে। ব্যর্থতা যেন আমাদের অর্জনকে ছাপিয়ে না যায়।”

তিনি আরও বলেন, “কমিশনের কাজ হচ্ছে সংলাপের মাধ্যমে মতপার্থক্য কমিয়ে আনা। কেউ যদি এই সুযোগ গ্রহণ না করে, সেটিও একটি ব্যর্থতা। তবে আমরা চাই সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসুক।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসের শেষ নাগাদ জাতীয় ঐকমত্যের একটি খসড়া সনদ উপস্থাপন করা হবে। এরপর তা নিয়ে জনগণের মতামত গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের পথনকশা নির্ধারণ করা হবে।

সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা জানান, তাঁরা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তবে বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।