বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স অ্যাকাউন্টে মমতা লিখেছেন, ‘‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
একই পোস্টে মমতা দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
ফেসবুক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও মিত্র দলগুলো পেয়েছে ২১২ আসন। জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলো ৭৭ আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং বাকি ৭ আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।




