বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণকাজে হাত দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণকাজ শুরু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং মৌসুমী আম সংরক্ষণের জন্য রাজশাহী অঞ্চলে হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তারেক রহমান।

তিন দিনের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে রাজশাহী পৌঁছান। শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সমাবেশে যোগ দেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তার আগমন ঘিরে বিপুল জনসমাগম হয়। মিছিল, স্লোগান ও ব্যানার-ফেস্টুনে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমান বলেন, পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদে পানির সংকট রয়েছে। জনগণের সমর্থন পেলে ধানের শীষ সরকার পদ্মা ব্যারাজ নির্মাণে হাত দেবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণসহ সার, বীজ ও কীটনাশক সুবিধা পাবেন। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। রাজশাহীতে আইটি পার্ক সচল, একটি ভোকেশনাল ইনস্টিটিউট, বিশেষায়িত হাসপাতাল এবং কৃষি শিল্পে উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মৌসুমী আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন।

রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান নওগাঁর এটিএম মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেছেন, দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে কৃষকদের ভালো রাখার মাধ্যমে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে বহু কাজ করেছেন। খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে তিনি সবুজ বিপ্লব গড়ে তুলেছিলেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁসহ উত্তরাঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করেছিলেন, যার ফলে বছরে তিনটি ফসল উৎপাদন নিশ্চিত হয়েছিল। তিনি জানান, নওগাঁয় ধানের পাশাপাশি শাকসবজি ও আম উৎপাদন হয়। এসব উৎপাদনে কৃষকদের খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রত্যেক পরিবারের মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে আর্থিক সহযোগিতা পাওয়া যাবে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় সুবিধা নিতে পারেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষিঋণও প্রদান করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নওগাঁয় রেললাইন স্থাপন করা হবে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। জনগণ যাদের পাশে আছে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের খেলাধুলার উন্নয়নে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে।

নওগাঁ জেলা বিএনপি ও জয়পুরহাট জেলা বিএনপির আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান নওগাঁর ছয়টি ও জয়পুরহাটের দুটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাঁদের জয়যুক্ত করার আহ্বান জানান। সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে আসতে থাকেন। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এবং হেঁটে তারা নওগাঁ শহরে প্রবেশ করে জনসভাস্থল এটিম মাঠে সমবেত হন। জয়পুরহাট, নাটোর ও বগুড়ার পশ্চিমাঞ্চল থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেন। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং নওগাঁ শহর জনস্রোতে ভরে ওঠে।

বগুড়ার ঐতিহাসিক আলতাফুননেসা খেলার মাঠে রাত সাড়ে ১১টায় আয়োজিত জনসভায় তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোট নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, জনগণের দাবির ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে তিনি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষ জয়যুক্ত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা।”