বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

টাইম ম্যাগাজিনকে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর পর তিনি দ্রুতই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু দেশজুড়ে শোকের আবহ তৈরি করে।

আমেরিকাভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম–কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, কারাবন্দি অবস্থায় নির্যাতনের কারণে তাঁর মেরুদণ্ডে জটিলতা তৈরি হয়েছে, যা আজও তাঁকে ভোগাচ্ছে। তবে তিনি এটিকে দায়িত্ববোধের স্মারক হিসেবে দেখেন।

২০০৭–০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৮ মাস কারাবন্দী ছিলেন তিনি। এরপর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটান।

টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি এগিয়ে রয়েছে। সাম্প্রতিক জরিপে দলটির সমর্থন প্রায় ৭০ শতাংশ দেখা গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সাক্ষাৎকারে তারেক রহমান নিজেকে রাজনৈতিক সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, “আমি এখানে এসেছি শুধু বাবা-মায়ের সন্তান বলে নয়, আমার দলের কর্মী-সমর্থকেরাই আমাকে এখানে এনেছেন।”

অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি পরিকল্পনাভিত্তিক রাজনীতির ওপর জোর দেন। তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে—১২ হাজার মাইল খাল খনন, বছরে ৫ কোটি গাছ লাগানো, ঢাকায় নতুন সবুজ এলাকা সৃষ্টি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষার সংস্কার এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন। তাঁর দাবি, এসব পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও জনগণের সমর্থন পাওয়া যাবে।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি সতর্ক কিন্তু বাস্তববাদী অবস্থান নিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় দর-কষাকষি করা হবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু ও নারীদের ওপর হামলা এবং জামায়াতে ইসলামের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা।

টাইমের প্রতিবেদনে তারেক রহমানকে অন্তর্মুখী হিসেবে বর্ণনা করা হয়েছে। লন্ডনে তিনি সময় কাটাতেন রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি ও ইতিহাসের বই পড়ে। তাঁর প্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ান, যা তিনি আটবার দেখেছেন। দেশে ফিরে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে স্বাধীনতা কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, “আমার মা আমাকে শিখিয়েছেন, দায়িত্ব এলে তা পালন করতেই হবে।” তিনি বিশ্বাস করেন, দেশের সংকট মোকাবেলায় তিনিই সঠিক ব্যক্তি।