বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশিদের জন্য আমেরিকায় নতুন ভিসা বন্ড নীতি কার্যকর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি কার্যকর করেছে আমেরিকা। অভিবাসন ভিসা স্থগিতের পর এবার ঢাকার আমেরিকান দূতাবাস ‘ভিসা বন্ড’ বা জামানত প্রথার বিস্তারিত কার্যপদ্ধতি প্রকাশ করেছে। এখন থেকে বাংলাদেশিদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাসের ফেসবুক বার্তায় জানানো হয়, যেসব দেশের নাগরিকদের আমেরিকায় গিয়ে নির্ধারিত সময় শেষে দেশে ফেরার প্রবণতা কম, তাদের নিরুৎসাহিত করতেই এই ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে। গত ৭ জানুয়ারি বাংলাদেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা অনুমোদনের ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। ইন্টারভিউ শেষে প্রার্থী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে pay.gov-এর সরাসরি লিঙ্কসহ অর্থ প্রদানের নির্দেশনা দেবেন। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এই জামানতের পরিমাণ সর্বোচ্চ ১৫ হাজার ইউএস ডলার (প্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময় শেষে দেশে ফিরে এলে এবং আমেরিকায় অবস্থানকালে কোনো কাজ না করলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

এ ছাড়া ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য আমেরিকায় প্রবেশ ও বের হওয়ার পথও নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে কেবল জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত এই পথ ছাড়া অন্য কোনো পথে যাতায়াত করলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হবে এবং জামানতের অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

এই নতুন নীতি কার্যকর হওয়ার ফলে আমেরিকায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক শর্ত যুক্ত হলো।