বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১২ ফেব্রুয়ারির মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে পোস্টাল ভোট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ বিশেষ অনুরোধ জানানো হয়।

ইসি জানিয়েছে, যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তারা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খাম ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ভোটগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি থেকে এবং তা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসির এই আহ্বানকে নির্বাচন প্রক্রিয়ায় প্রবাসী ও দূরবর্তী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।