আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
সমাবেশে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। তিনি দাবি করেন, বিএনপি শুধু রাজনৈতিক অধিকার নয়, অর্থনৈতিকভাবে জনগণকে স্বাবলম্বী করতে চায়। নারী, যুবসমাজ, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান ভোটারদের বলেন, নির্বাচনের দিন সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নিতে হবে। এরপর ফজরের নামাজ জামাতে আদায় করে ভোটকেন্দ্রের সামনে অবস্থান করতে হবে। সকাল সাতটা থেকে ভোট শুরু হলে সঙ্গে সঙ্গে ধানের শীষে ভোট দিতে হবে।
ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট ডাকাতির ঘটনা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
তারেক রহমানের মতে, এভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
তিনি বলেন, গত ১৬ বছরে রাষ্ট্রের প্রতিষ্ঠান ধ্বংস ও দুর্নীতির মাধ্যমে সম্পদ পাচার হয়েছে। দুর্নীতি দমন ও দেশ রক্ষায় জনগণকে সজাগ হয়ে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সিলেটের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এছাড়া সুনামগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীরা এবং জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রচারণায় তারেক রহমান মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নেন। এসব সমাবেশে তিনি জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড চালু করবে এবং ইমাম-মোয়াজ্জিনদের বেতন নিশ্চিত করবে।
তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান চার কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিকভাবে দুই কোটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে। এছাড়া শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তিনি পল্লী চিকিৎসা পুনরায় চালুর পরিকল্পনার কথা জানান। পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি সিলেটকে ঢাকার তুলনায় পরিচ্ছন্ন বলে মন্তব্য করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকায় ভাসানটেকে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।




