আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র যেকোনোভাবে এবং দ্রুত উদ্ধার করার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকার-এর প্রথম সভা। সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার—আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই ভোট হবে, একদিন আগে বা পরে নয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যারা নির্বাচন হবে না বলে দাবি করছেন, তাদের বক্তব্যে কোনো যৌক্তিকতা নেই। তিনি এটিকে গণতন্ত্রবিরোধী প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। বর্তমানে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৫৫২টিতে আগে থেকেই ক্যামেরা রয়েছে। নতুন বরাদ্দে প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে ক্যামেরা বসানো হবে।
গাজীপুরে মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রের অধিকাংশে ইতিমধ্যে ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাকি কেন্দ্রগুলোতেও ক্যামেরা বসানো হবে। এছাড়া বিদ্যুৎবিহীন ২৯৯টি কেন্দ্রে সৌর বিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার বিষয়েও সভায় আলোচনা হয়। ঢাকা মহানগর পুলিশকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। যৌথ বাহিনীর সমন্বয়ে সেখানে অভিযান জোরদার করা হবে এবং আশপাশের এলাকায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা হবে।




