রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য উঁচু দালান নির্মাণ করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন, তাঁদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়ে কড়াইলবাসীর কাছে দোয়া চান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কড়াইল বস্তিতে শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলার মাঠ এবং ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে। তিনি আশ্বাস দেন, বিদ্যুৎ ও পানির বিল জোর করে আদায় করা হবে না—“যা মিটার দেখাবে, যা সরকারের পাওনা, শুধু সেটাই দেবেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই কড়াইলের সন্তানরা যেন দালানে বসবাসকারীদের মতোই শিক্ষা, খেলাধুলা, বিদেশি ভাষা শেখা ও চিকিৎসার সুযোগ পায়।”
দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কড়াইল বস্তি রাজধানীর সবচেয়ে বড় বস্তি, যেখানে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে এ বস্তি গড়ে ওঠে।
এছাড়া বনানীতে আয়োজিত আরেক দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতারা জানান, আন্তর্জাতিক মহলে তারেক রহমানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে এবং তাঁরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী।




