বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন আমেরিকার রাষ্ট্রদূত। তাঁর সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাৎ।
একই দিন সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকাস্থ ইইউয়ের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, ড. মাহাদী আমীন ও সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং।
বৈঠকের পর যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দিনভর আমেরিকার রাষ্ট্রদূতসহ ১১ দেশের দূতের বৈঠক হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং ৩১ দফা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার সঙ্গে কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করবে সেগুলো নিয়েও কথা হয়েছে। একই সঙ্গে মাল্টিলেটারালি যেসব কাজ হচ্ছে সেগুলো আমরা অব্যাহত রাখব। অন্তর্বর্তী সরকারেরও কিছু অবদান আছে, সেগুলোর ধারাবাহিকতা আমরা রাখব। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ এমন এক দেশ হয়েছে, যে দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশ চলে না, আর সেই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। আমাদের চেয়ারম্যান আলোচনা করেছেন, কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা যায়।’




