নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ১১ দলীয় নির্বাচনী জোট তাদের আসন সমঝোতা ঘোষণা করেছে। তবে এখনও পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেন জোটের নেতারা। তবে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
জোটের অন্যতম নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।”
ঘোষিত আসন বণ্টন অনুযায়ী—বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯ আসন; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০ আসন; বাংলাদেশ খেলাফত মজলিস: ২০ আসন; খেলাফত মজলিস: ১০ আসন; লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৭ আসন; আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ৩ আসন; বিডিপি: ২ আসন; নেজামে ইসলাম: ২ আসন; বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোটে থাকলেও তাদের আসনসংখ্যা ঘোষণা করা হয়নি।
এছাড়া, বহুল আলোচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে দিয়েছে জোট। তবে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। তারা জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় ‘নির্বাচনী সমঝোতা বিষয়ে’ সংবাদ সম্মেলন করবে।
এই আসন সমঝোতা ঘোষণাকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে বিরোধী রাজনীতির নতুন এক বৃহৎ জোটের রূপরেখা স্পষ্ট হয়েছে।




