বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। পরে সবাই একসঙ্গে নৈশভোজে অংশ নেন।

প্রায় দুই ঘণ্টা যমুনায় অবস্থানের পর রাত ৯টা ২০ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে তিনি গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান এবং সেখান থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সেই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন।

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এই সাম্প্রতিক সাক্ষাৎকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আলোচনার ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে।