বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের আমেরিকার ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার সরকার বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, ইরান, ইরাক, থাইল্যান্ড, নাইজেরিয়া ও ইয়েমেনসহ বহু দেশ এই তালিকায় রয়েছে।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার অফিসগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই করে। ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে যেসব আবেদনকারী আমেরিকার সরকারের ভাতা বা সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে হয়, তাদের ভিসা বাতিল করা হবে। বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন আছে কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের মানুষকেও ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক বিনিময়ে বড় ধরনের প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ পড়াশোনা, চিকিৎসা ও ব্যবসার কাজে আমেরিকায় যান। তাদের যাত্রা এখন স্থগিত থাকবে। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ দেশের নাগরিকদের জন্য আমেরিকায় ভ্রমণের পথ বন্ধ হয়ে যাবে।

স্থগিতাদেশে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন আমেরিকা যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশি দর্শকদের আগমনের প্রত্যাশা ছিল। আন্তর্জাতিক মহলে এ পদক্ষেপকে কঠোর ও প্রভাববিস্তারকারী হিসেবে দেখা হচ্ছে।