বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলছেন, আমরা সংস্কারের পক্ষে। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরাই সবার আগে সংস্কারের দাবি করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয়ে আলোচনায় এসেছে এবং কমিটি হয়েছে। সেখানে আমরা অংশ নিয়েছি। বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আর যেসব বিষয়ে একমত হতে পারিনি সেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। শুধু আমরা না, অনেক ব্যাপারে অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দেইনি। নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি। এখন সেই সংস্কারের বিপক্ষে আমরা নই। আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হ্যাঁ ভোট দেব। এটাই আমাদের সিদ্ধান্ত।’
নজরুল ইসলাম খান বলেন, আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা দেখা, যাতে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়।
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে প্রার্থীতা বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘দ্বৈত নাগরিক অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে থাকছেন। ইতিমধ্যে দুইজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমাদের বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তাদের।
তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোন কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত নয়। আমরা সিইসির কাছে বিষয়গুলো উত্থাপন করেছি, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
ফ্যামিলি কার্ড সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই। তাহলে দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নেব এবং বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন। যেগুলো এখনো কার্যকর রয়েছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন । অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন যেগুলো এখনো অব্যাহত আছে। আবার যদি সুযোগ পাই, আমরা ফ্যামিলি কার্ড দেব। পরিবারে মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড। কোন ছেলের নামে হবে না। কয়েকদিন পরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করব, সেখানে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সিইসির সাথে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসি সচিবালর্য়ে সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া ও বিএনপির আইন সহায়তা উপ-কমিটির প্রধান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।




