বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন। ধারণা করা হচ্ছে, তিনি সিলেট থেকে প্রচারণা শুরু করবেন।

রবিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে বৈঠক করে তার সফরের বিস্তারিত নির্ধারণ করা হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানিয়েছেন, আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তারেক রহমানের যাতায়াতের মাধ্যম নির্ধারণ করা হবে। কর্মসূচির মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভা রয়েছে। প্রতিটি জেলায় বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আলিয়া মাদ্রাসার মাঠে জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক জানান, প্রাথমিকভাবে বালুর মাঠে জনসভা এবং শান্তিগঞ্জ ও গোবিন্দগঞ্জে পথসভার পরিকল্পনা রয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে।