আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিঠিটি গত ৬ জানুয়ারি সই করা হয় এবং ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, “পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, যা দূর করার পর নির্বাচন স্থগিত করা হয়েছে।”
এর আগে গত শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশিত হলে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক দাবি করেন, সংবাদটি সঠিক নয়। তবে পরবর্তীতে ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।




