বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ৩০ ডিসেম্বর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এরপর গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তারেক রহমান এর আগে ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৯ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস-চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ শুরু হয় আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়। ১৯৮৮ সালে তিনি গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি মায়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় প্রচারণা চালান।

২০০২ সালে স্থায়ী কমিটি তাকে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন। ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালে গ্রেফতার হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

বেগম খালেদা জিয়া ১৯৮৪ সালের ১০ মে থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো তারেক রহমানের মাধ্যমে।